বার্সেলোনায় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৪৯,অপরাহ্ন ১০ মার্চ ২০২৬স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে কাতালোনিয়ায় অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগরের আহ্বায়ক মঈনুদ্দিন আহমদ ফুহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দীন ভূঁইয়া তুষারের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কলোমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন মেনর। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফখরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান এবং সদস্য ফয়সল আহমদসহ কাতালোনিয়া বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে সুসংগঠিত করা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলমগীর হোসেন। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।






