জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বার্সেলোনায় বিএনপির সভা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের কঠোর সমালোচনা
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৫:০৬:১৭,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২৬জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালোনিয়া শাখা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্সেলোনার স্থানীয় এল কারি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান ও সাবেক আহ্বায়ক সদস্য ফরহাদ মীর রাজন।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তাঁরা। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে হবে।
বক্তারা অকারণে ভারতের প্রতি অতিরিক্ত অনুরাগ প্রদর্শনকারী একটি পক্ষের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সহসভাপতি তুতিউর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভিলাফ্রানকা বিএনপির আহ্বায়ক নেছার উদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক আবু শাহেন তালুকদার, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জিয়াউল হক মুনাফ, লুতফুর রহমান, রেজাউল করিম রাজন, টুনু মিয়া ও বুরহান উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন বার্সেলোনা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কয়েস চৌধুরী, সদস্যসচিব নুরুল আমীন নুরু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সুমন তালুকদার এবং স্পেন দক্ষিণ যুবদল নেতা ফয়সাল মোল্লা।
সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মুক্তার আহমেদ, সুমন পায়েল, রিপন আহমেদ, জনি আহমেদ খান, সোহাগ হোসেন আদর, মুক্তার হোসেন সুহেল, বিএনপি নেতা আতিকুর রহমান, টিপু সুলতান, ফরহাদ হোসেন, কিরণ আহমেদ, তামজিদ রাজু, বাবলু হোসেন, সুজন হাওলাদার ও মাহবুব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






